Course Content
পরিশেষ – রবীন্দ্রনাথ ঠাকুর
পরিশেষ – রবীন্দ্রনাথ ঠাকুর
0/98
পরিশেষ – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যে তারে দেখ নি চেয়ে
                 জানিত সে তা মনে, —
      ব্যথার ছায়া পড়িত ছেয়ে
                 কালো চোখের কোণে।
      জীবনশিখা নিবিল তার,
                 ডুবিল তারি সাথে
      অবমানিত দুঃখভার
                 অবহেলার রাতে।
      দীপাবলীর থালাতে নাই
                 তাহার ম্লান হিয়া,
      তারায় তারি আলোক তাই
                 উঠিল উজলিয়া।
      স্বাগতবাণী ছিল সে মেলি
                 ভাষাবিহীন মুখে,
      বহুজনের বাণীরে ঠেলি
                 বাজে কি তব বুকে।
      নিকটে তব এসেছিল যে,
                 সে কথা বুঝাবারে
      অসীম দূরে গিয়েছে ও-যে
                 শূন্যে খুঁজাবারে।
      সেখানে গিয়ে করেছে চুপ,
                 ভিক্ষা গেল থামি,
      তাই কি তার সত্যরূপ
                 হৃদয়ে এল নামি।