Course Content
পত্রগুচ্ছ – কাজী নজরুল ইসলাম
পত্রগুচ্ছ – কাজী নজরুল ইসলাম
0/39
পত্রগুচ্ছ – কাজী নজরুল ইসলাম

অতুলচন্দ্র দত্ত-কে

Gramophone Club

106, Upper Circular Road

17.1.36

প্রিয় অতুলবাবু,

আজ সীতানাথ রোডেই একখানা বাড়ি পেলাম। ওইটেই হবার পনের আনা সম্ভাবনা। ভাড়া ৫৫ কি ৬০ টাকা। সন্ধ্যায় ঠিক হবে। সেই সময় এক মাসের ভাড়াও অগ্রিম দিতে হবে। আপনাকে কাল একশো টাকা হাওলাতের কথা বলেছিলাম। অনুগ্রহ করে চন্ডীর হাতে একশো টাকা দেবেন — আমি ফেব্রুয়ারি মাসেই দিয়ে দেব — কোনো চিন্তা করবেন না। যদি বলেন, একখানা Back-date-এর cheque পাঠিয়ে দেব। মডেল স্কুলের হেডমাস্টারের সঙ্গে দেখা করেছিলেন কি? — কখন যেতে হবে ওঁর সঙ্গে দেখা করতে?

আমার শাশুড়ির অসুখ সারেনি। আজ আবার সানির (বড়ো ছেলের) জ্বর। ১০৩ ডিগ্রি উঠেছে। হাতে টাকা ফুরিয়ে গেছে — আপনি টাকা না দিলে বাড়ি-ভাড়া দিতে পারব না। আশা করি, এ উপকারটুকু করবেন বন্ধুর দুঃসময়ে। ইতি —

সখ্যধন্য

নজরুল ইসলাম