Course Content
গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর
গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর
0/119
গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার ভুবন মর্মে আমার লাগে।
তোমার আকাশ অসীম কমল
অন্তরে মোর জাগে।
এই সবুজ এই নীলের পরশ
সকল দেহ করে সরস–
রক্ত আমার রঙিয়ে আছে
তব অরুণরাগে।
আমার মনে এই শরতের
আকুল আলোখানি
এক পলকে আনে যেন
বহুযুগের বাণী।
নিশীথরাতে নিমেষহারা
তোমার যত নীরব তারা
এমন ক’রে হৃদয়দ্বারে
আমায় কেন মাগে।

শান্তিনিকেতন, ১৭ আশ্বিন- প্রভাত, ১৩২১